নিজস্ব প্রতিবেদক, বারহাট্টা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক, বিশিষ্ট চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ আফতাব উদ্দিন কাজল আর নেই। গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার ল্যাব এইড হসপিটালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) নেত্রকোণার বারহাট্টা সি কে পি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় নেত্রকোনা বারহাট্টা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ডেনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন, সহকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জানাজার নামাজ শেষে তাঁকে নেত্রকোণার সাতপাই কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
ডা. মোঃ আফতাব উদ্দিন কাজল বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চিকিৎসা পেশায় তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞ ও সাধারণ চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিএমইউ সম্পন্ন করেন। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অধীনে থাইল্যান্ড ও ভারতে ফেলোশিপ অর্জন করেন।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নেত্রকোণার বারহাট্টা এলাকার মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন। বারহাট্টা মডেল স্কুল মোড়ের বারহাট্টা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন তিনি। স্থানীয় মানুষের কাছে তিনি ছিলেন একজন পরিচিত ও শ্রদ্ধাভাজন চিকিৎসক।
তাঁর মৃত্যুতে বারহাট্টাসহ নেত্রকোণার চিকিৎসক সমাজ, সহকর্মী, রোগী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
বারহাট্টা সংবাদ 








