বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি:
দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করে নিতে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ৫৫টি মণ্ডপে চলছে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। মাটির কাজ শেষ করার পর এবার প্রতিমায় পড়ছে রঙের শেষ আঁচড়।
সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শিল্পীদের নিপুণ হাতে মাটির তৈরি দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা ইতোমধ্যে আকৃতি পেয়েছে। অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ। এখন চলছে প্রতিমাতে রং করা, পোশাক পরানো, অলংকার সংযোজন ও সাজসজ্জার কাজ। পুরুষদের পাশাপাশি পরিবারের নারী ও শিশুরাও ব্যস্ত সময় পার করছেন।
মৃৎশিল্পীদের সাথে কথা বললে তারা জানান, প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে আছে তাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি ও ভালোবাসা। পরিবারের সদস্য ও সহকারী কারিগরদের নিয়ে দিন-রাত পরিশ্রম করে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ করেছেন। তবে বাঁশ, খড়, মাটি ও রংসহ বিভিন্ন উপকরণের দাম বাড়লেও প্রতিমার দাম সেভাবে বাড়েনি। তবু বংশপরম্পরায় এই কাজের সঙ্গে যুক্ত থাকাকে আনন্দের অংশ বলে মনে করেন তারা।
বারহাট্টা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ সরকার শ্যামল বলেন, আমরা সার্বক্ষণিক প্রতিটি পূজা মণ্ডপে নজর রাখছি এবং সার্বিক প্রস্তুতির খোজ খবর নিচ্ছি। আশা করি, সবার সহযোগিতায় উৎসব মূখর পরিবেশে সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হবে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, অনলাইনে সার্বক্ষণিক মনিটরিং ও মাঠ পর্যায়ে আনসার ও পুলিশ সদস্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বারহাট্টা সংবাদ 








