নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে এক প্রেমিকা তার প্রেমিকের বাড়ির দুয়ারে অনশনে বসেছেন। এ দিকে বিপদ বুঝতে পেরে প্রেমিক ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে চম্পট দিয়েছেন।
রবিবার (২আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চাচই গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। অনশনরত প্রেমিকা উপজেলার আড়পাড়া গ্রামের নাজমুল শিকদারের মেয়ে নাজমিন নাহার প্রেমা (১৮)। অভিযুক্ত প্রেমিক ফেরদৌস আলী (২১) চাচই পশ্চিমপাড়া গ্রামের সৈয়দ আসাদুজ্জামানের ছেলে।
প্রেমার অভিযোগ, দুই বছর আগে ফেরদৌস আলীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে চলতি বছরের ৯ এপ্রিল উভয়ের সম্মতিতে নড়াইলে নোটারি পাবলিক মাধ্যমে বিবাহের অঙ্গীকারনামা করা হয়। এরপর বিভিন্ন সময়ে ফেরদৌস তার সঙ্গে রাতযাপন করে। কিন্তু এখন স্ত্রীর স্বীকৃতি দিতে ফেরদৌস রাজি নয়। প্রেমার দাবি, স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলে ফেরদৌসের বাড়ির সামনেই সে বিষপানে আত্মহত্যা করবে।
এ দিকে বাড়িতে তালা থাকায় ফেরদৌস বা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা যায়নি।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক অজিত কুমার রায় বিকালে বলেন, অনশনের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বারহাট্টা সংবাদ 









