দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের স্মরণে এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (৩ আগস্ট) সকালে বিরিশিরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ খান, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল হক ফকির, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাজন মিয়াসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থী মারিয়া আক্তার বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেকের অন্তত একটি করে গাছ লাগানো উচিত। গাছ লাগানো শুধু পরিবেশ সংরক্ষণই নয়, নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ারও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য ভারপ্রাপ্ত স্পিকারকে ধন্যবাদ জানান। আরেক শিক্ষার্থী রাহা মনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে তারা বৃক্ষরোপণের গুরুত্বের পাশাপাশি জুলাই আন্দোলনের ইতিহাস সম্পর্কেও জানতে পেরেছেন।
শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ খান বলেন, জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মত্যাগ জাতিকে নতুন প্রেরণা জুগিয়েছে। তাদের স্মরণে ভারপ্রাপ্ত স্পিকারের এ বৃক্ষরোপণ কর্মসূচি নতুন প্রজন্মের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এ উদ্যোগ প্রশংসনীয়। উপজেলা বিএনপির পক্ষ থেকে তিনি কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।
বারহাট্টা সংবাদ 









